ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

নবপ্রকাশ ডেস্ক:

ফেসবুকে ভুয়া নারী পরিচয় দিয়ে প্রথমে গড়ে তোলা হয় গভীর বন্ধুত্ব। এরপর ধীরে ধীরে রূপ দেওয়া হয় প্রেমের সম্পর্কে। একপর্যায়ে মোবাইল ফোনেই হয় ‘বিয়ে’! এরপর স্বামী-স্ত্রীর মতো ভুয়া সম্পর্ক টিকিয়ে রেখে ইতালি প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অজুহাতে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় তিন লাখেরও বেশি টাকা। তবে শেষ রক্ষা হয়নি; পুলিশের জালে ধরা পড়ার পর উন্মোচিত হয়েছে পুরো প্রতারণার থলের বিড়াল। জানা গেছে, প্রতারক ‘সুমাইয়া আক্তার’ আসলে কোনো নারী নন, বরং শান্ত আলী (২০) নামের এক তরুণ!

বুধবার (৭ অক্টোবর) সকালে নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইতালি প্রবাসী (৪৮) দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ফেসবুকে ‘সুমাইয়া আক্তার’ নামের একটি আইডির মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ শুরু করেন শান্ত। প্রেমের সম্পর্ক জমার পর প্রায় চার মাস আগে মোবাইল ফোনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ভুয়া এই বিয়ে ও স্বামী-স্ত্রীর সম্পর্কের বিশ্বাসযোগ্যতা বাড়াতে শান্ত নিজের বাবাকে প্রবাসীর সঙ্গে ‘শ্বশুর’ পরিচয়ে কথা বলাতেন। এই ফাঁদে ফেলে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ওই প্রবাসীর কাছ থেকে ৩ লাখের বেশি টাকা হাতিয়ে নেন শান্ত।

চাঞ্চল্যকর তথ্য মেলে আসামিদের গ্রেফতারের ঠিক পরপরই। থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্তর মোবাইলে হঠাৎ ওই ইতালি প্রবাসী ফোন করেন। এ সময় দায়িত্বরত পুলিশের কাছ থেকে তিনি জানতে পারেন, এতদিন ধরে যাকে স্ত্রী ভেবে প্রেম ও সংসার করছিলেন, সেই ‘সুমাইয়া’ আসলে এক যুবক। সত্য জানার পর প্রবাসী ব্যক্তি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, গ্রেফতার শান্ত আলী ও তার বাবা সাইবার জগতে হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত একটি সক্রিয় চক্রের সদস্য। গ্রেফতারের পরই এই ইতালীয় প্রবাসীর সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার বিস্তারিত তথ্য বেরিয়ে আসে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে