ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ছাত্র রাজনীতি থেকে সংসদ ভবনে মিষ্টি

ছাত্র রাজনীতি থেকে সংসদ ভবনে মিষ্টি

নবপ্রকাশ ডেস্ক:

রাজধানীর মিরপুর-১ নম্বরের ঐতিহ্যবাহী রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র) হামলা, ভাঙচুর, ব্যাপক লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অনভিপ্রেত ঘটনায় নাম জড়িয়ে পড়ায় তোপের মুখে পড়ে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে প্রধানমন্ত্রী কর্তৃক এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর পরপরই সংসদ ভবনে হাজির হয়ে স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেন এই নেত্রী।

মিরপুরের রাড্ডা সেন্টারে হামলা ও লুটপাটের জেরে পদত্যাগের এই বাধ্যবাধকতা হঠাৎ করে তৈরি হলেও, ঢাকা ও মিরপুরের রাজনীতিতে ফেরদৌসী আহমেদ মিষ্টি দীর্ঘদিনের একটি পরিচিত ও প্রভাবশালী নাম। তাঁর পথচলা শুরু হয়েছিল ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। ১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্ম নেওয়া মিষ্টি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ার সময় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন এবং কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। স্নাতক সম্পন্ন করার পর তিনি মূল দল বিএনপির রাজনীতিতে যুক্ত থাকেন এবং সম্প্রতি সদ্যবিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের দিক থেকেও রাজপথের পরিচিত মুখ ছিলেন মিষ্টি। তিনি ঢাকা-৮ আসনের বিএনপি সমর্থিত প্রয়াত সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন। পিন্টু ২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৫ সালে রাজশাহী কারাগারে মারা যান। পাশাপাশি মিষ্টির স্বামী প্রয়াত সাইদুর রহমান নিউটন ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কমিশনার। ২০০২ সালের ১০ মে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে প্রকাশ্য দিবালোকে আততায়ীদের গুলিতে নিউটন নিহত হওয়ার পর মিষ্টি ওই ওয়ার্ডে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন এবং স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেন।

চলতি ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন তিনি। একই সাথে জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

তবে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভারী যন্ত্রপাতি নিয়ে হামলা, ভাঙচুর, ব্যাপক লুটপাট এবং স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার চাঞ্চল্যকর অভিযোগ উঠলে তোলপাড় শুরু হয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত চলার মাঝেই সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর অবস্থান গ্রহণ করে এমপি মিষ্টিকে অবিলম্বে পদত্যাগের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে পদত্যাগের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যেই ইতি ঘটল তাঁর সংসদীয় মেয়াদের।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে