ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে কে মাদক নির্মূলে কঠোর বার্তা সড়ক প্রতিমন্ত্রীর

গাজীপুরে কে মাদক নির্মূলে কঠোর বার্তা সড়ক প্রতিমন্ত্রীর

নবপ্রকাশ ডেস্ক

গাজীপুরে মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী এবং গাজীপুরের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। এমনকি নিজ দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশ দেন তিনি।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সড়ক নিরাপত্তা, মাদক, চাঁদাবাজি, গরু চুরি, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি, সার মজুত ও বিতরণ এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের তৎপরতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার টঙ্গীর মাজার বস্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, রাজউকের জমিতে গড়ে ওঠা অবৈধ বস্তিটি দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে পরিচিত। সেখানে অভিযান পরিচালনায় বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে। এ এলাকায় আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন মাদক ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অপরাধীদের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধেও আইন প্রয়োগে কঠোর হওয়ার জন্য তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকারের মূলনীতি হলো ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যেকোনো মূল্যে দেশ থেকে মাদক নির্মূলে সরকার অঙ্গীকারবদ্ধ।

টঙ্গীর মাজার বস্তিসহ জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে দৃশ্যমান ও কার্যকর অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তা দেওয়া হবে।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। দুর্ঘটনার পর মামলা দায়ের এবং নিহতদের পরিবারের কাছে দ্রুত সরকারি আর্থিক অনুদান ও আইনি সহায়তা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় জেলার বিভিন্ন সরকারি বিভাগের নির্দিষ্ট দায়িত্ব ও কর্মপরিকল্পনা ঠিক করে কাজ করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। আগামী সভায় কোন বিভাগ কতটুকু দায়িত্ব পালন করেছে, তা পর্যালোচনার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়া বলেন, সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসন কাজ করবে। বর্তমানে কর্মকর্তারা নিজেরা উদ্যোগী হয়ে দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে