নবপ্রকাশ ডেস্ক:
গাজীপুর মহানগরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লকের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতের শেষভাগে আনুমানিক ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার হানিফ মিয়ার বাড়িতে রানা প্রবেশ করেন। এ সময় তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে বাড়ির ম্যানেজার ও অজ্ঞাতপরিচয় ৪-৫ জন ভাড়াটিয়া তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, পরে ঘটনাটি আড়াল করতে সকাল সাড়ে ১১টার দিকে পাশের মেধা বিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে রানার মরদেহ ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-মোঃ আকরাম হোসেন
