আন্তর্জাতিক ডেস্ক :
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস অভিযানের আজ ৩ বছর পূর্ণ হলো। দীর্ঘ তিন বছর ধরে চলা অবিরাম বিমান হামলা, আর্টিলারি বর্ষণ ও স্থল অভিযানে অবরুদ্ধ গাজা উপত্যকা এখন পুরোটাই মানববসতিহীন এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগের মৌলিক অবকাঠামো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ও নিরবচ্ছিন্ন হামলায় ৭৪ হাজার ২৪৫ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের সিংহভাগই শিশু ও নারী।
উপত্যকাজুড়ে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের তীব্র চাপের মুখে গত ২০২৫ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বাস্তবে রক্তপাত ও সহিংসতা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পরও ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলা ও গুলিবর্ষণে আরও ১ হাজার ৪৬২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তির এক বছর পার হলেও প্রতিনিয়ত এই ধরনের সীমান্ত লঙ্ঘন ও হত্যাযজ্ঞ গাজায় স্থায়ী শান্তির সম্ভাবনাকে নস্যাৎ করছে বলে উদ্বেগ প্রকাশ করছেন আন্তর্জাতিক মানবাধিকার বিশ্লেষকরা। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষের মরদেহের কারণে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
