ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » গলার কাঁটা হলেও সীমান্ত সড়ক শেষ করতে হবে: মন্ত্রী এ্যানি

গলার কাঁটা হলেও সীমান্ত সড়ক শেষ করতে হবে: মন্ত্রী এ্যানি

নবপ্রকাশ ডেস্ক:

মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন ৬১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়কটি রাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, নানা জটিলতা ও অনিয়মের প্রশ্ন থাকলেও জনস্বার্থে সড়কটির নির্মাণকাজ দ্রুত শেষ করতে হবে। এটি পুরোপুরি চালু হলে সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক, চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়বে।

মঙ্গলবার দুপুরে টেকনাফের সীমান্তবর্তী নাফ নদী পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্ত সড়ক নির্মাণে অনিয়ম ও তিন দফায় ব্যয় বাড়ানো প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “একটা প্রকল্প তিনবার রিভাইজ হওয়ার বিষয়টি চিন্তার বিষয়। জনগণের সুবিধা নিশ্চিত না করে এভাবে ব্যয় বাড়ানোর পেছনে কী যৌক্তিকতা থাকতে পারে, তা সহজেই বোধগম্য। অতীতে সীমান্ত সড়কটি নির্মাণে অনেক ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচিত সরকার, আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। এই প্রকল্পটি এখন আমাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তবে কাজ বন্ধ রেখে বসে থাকলে চলবে না, দেশের স্বার্থে এটি দ্রুত সম্পন্ন করতে হবে।”

পানিসম্পদমন্ত্রী জানান, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং জনস্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলো সমন্বয় করে কাজ শেষ করা হবে। এই সময় শুধু যোগাযোগের বিষয়টিই নয়, বরং সীমান্ত এলাকার পানি নিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ ও খাল খননের বিষয়গুলোও বিশেষ বিবেচনায় রাখা হবে।

অনুষ্ঠিত ওই বৈঠকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনীক চৌধুরী এবং জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিকেলে মন্ত্রী টেকনাফের শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ এবং নাফ নদীর সীমান্ত এলাকা সরজমিনে পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে উখিয়ার পালংখালী হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত নাফ নদীর তীর ঘেঁষে ‘সীমান্ত সুরক্ষা সড়ক’ নির্মাণের কাজ শুরু হয়। তিন দফায় প্রকল্প সংশোধনের পর বর্তমানে এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮ কোটি টাকা। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে পাঁচটি প্যাকেজে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন হলেও বর্তমানে এর গতি ধীরগতিতে চলছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে