অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূতদের নেতৃত্বে যুক্ত হলো আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সিডনির অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের নতুন ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় কাউন্সিলের চেম্বারে অনুষ্ঠিত নির্বাচনে ১৪ সদস্যের মধ্যে ৯ জনের সমর্থন পেয়ে তিনি আগামী এক বছরের জন্য এ পদে নির্বাচিত হন।
দায়িত্ব গ্রহণের পর মাসুদ চৌধুরী উপস্থিত কাউন্সিলর ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ডেপুটি মেয়রের দায়িত্ব কেবল সম্মান বা মর্যাদার বিষয় নয়; বরং স্থানীয় বাসিন্দাদের সেবা করা এবং কমিউনিটির কল্যাণে কাজ করাই এর মূল উদ্দেশ্য।”
দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা মাসুদ চৌধুরী ২০২৪ সালের নির্বাচনেও পুনর্নির্বাচিত হন। ডেপুটি মেয়র হিসেবে তিনি এখন নগরীর সার্বিক উন্নয়ন, সেবামূলক কাজ ও নীতি-নির্ধারণী উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নির্বাচন চলাকালে কাউন্সিল চেম্বারের গ্যালারিতে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। মাসুদ চৌধুরীর এ ঐতিহাসিক বিজয়ে প্রবাসীদের মাঝে যেমন আনন্দ ও গর্বের জোয়ার বইছে, তেমনি অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের জন্য এটি একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
