ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কেরালায় আকস্মিক বন্যা: ৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২

কেরালায় আকস্মিক বন্যা: ৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২

নবপ্রকাশ ডেস্ক:

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় অতিবর্ষণ, হড়পা বান ও ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) মালাপ্পুরম, ইদুক্কি ও কোট্টায়াম জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় প্রশাসন জানায়, রোববার সন্ধ্যায় মালাপ্পুরমের নীলাম্বুরের কাছে কোট্টাপুঝা নদীতে উজানের পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে একাধিক লোক ভেসে যান। পরে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

এদিকে ইদুক্কির ভাট্টাভাদার কোট্টাকম্বুরে ভারী বৃষ্টির সময় কৃষিজমির একটি ছাউনিতে আশ্রয় নিয়ে ভূমিধসে মারা যান একই পরিবারের দুই সদস্য—বালাকৃষ্ণন ও চিন্নু। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হন। এছাড়া কোট্টায়ামের টিকয় এলাকায় ভ্যাগামন থেকে ফেরার পথে পাহাড়ি মাটি ও পাথর ধসে তামিলনাড়ুর বাসিন্দা সঙ্গীতা অরুল লাল (৩৫) নামে এক পর্যটক নিহত এবং তার সঙ্গী আহত হন।

পরিস্থিতির অবনতি হওয়ায় প্রতি ঘণ্টায় তথ্য পর্যালোচনার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইদুক্কি ও কোট্টায়ামে মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হচ্ছে এবং বিশেষ দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ২১ সেপ্টেম্বরও কেরালায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে পাহাড়ি এলাকা ও নদীর তীরের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে