ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » জ্বালানি তেলের দাম বাড়ানো অপরিণামদর্শী : ক্যাব

জ্বালানি তেলের দাম বাড়ানো অপরিণামদর্শী : ক্যাব

নবপ্রকাশ ডেস্ক:

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে অপরিণামদর্শী, অদূরদর্শী ও সুবিবেচনাপ্রসূত নয় বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ওপর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

নাজের হোসাইন বলেন, হঠাৎ করে রোববার রাত ১০টার দিকে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এ সিদ্ধান্তের পরপরই জনমনে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। জ্বালানি তেলের দামের সঙ্গে সাধারণ মানুষের জীবন-জীবিকার প্রায় প্রতিটি ক্ষেত্রই ওতপ্রোতভাবে জড়িত।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেলের দাম বাড়ার ফলে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত এবং বাসাবাড়িসহ সর্বক্ষেত্রে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। একইসঙ্গে গণপরিবহন ও পণ্য পরিবহন ভাড়াও নতুন করে বাড়বে। এসব বাড়তি খরচের শেষ ধাক্কাটা গিয়ে পড়বে সাধারণ ভোক্তার ওপর, যা মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে। অন্যান্য নিত্যপণ্য ও সেবার দামও এর ফলে আরেক দফা বাড়তে পারে।

ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির প্রবণতা তুলে ধরে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট বলেন, এর আগেও ব্যবসায়ীরা ইরান-সংকট বা জ্বালানি ও বিদ্যুতের দরবৃদ্ধির নানা অজুহাত দেখিয়ে বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছেন। এবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে পণ্যের দাম আরও এক ধাপ বাড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বাজারজুড়ে চিনি, সয়াবিন তেল, আটা, ময়দা ও গরুর দুধসহ জরুরি পণ্যের দাম চড়া। বর্তমান সিদ্ধান্তে পরিস্থিতি আরও জটিল হবে।

তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি খাতের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অপচয় বন্ধ করতে পারলে এ ধরনের কঠোর সিদ্ধান্ত না নিয়ে বিকল্প পথ বের করা সম্ভব হতো।

সরকারের বৈশ্বিক সংকটের যুক্তির জবাবে তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দীর্ঘদিন ধরে মুনাফা করে বিপুল পরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে। সংকটের সময়ে বিপিসির সেই লাভের অর্থ কিংবা সঞ্চিত তহবিল ব্যবহার করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যেত কি না, সে বিষয়টিও সরকারের বিবেচনা করা উচিত ছিল।

নবম পে-স্কেল প্রসঙ্গ টেনে তিনি বলেন, নতুন পে-স্কেল ঘোষণার পর থেকেই বাজারে নিত্যপণ্যের দাম আরেক দফা বেড়েছে এবং এর ফলে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় করতে হচ্ছে। ১৭ থেকে ২০ কোটি মানুষের সার্বিক স্বার্থ বিবেচনা করে সরকারের প্রতিটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত।

আন্তর্জাতিক বাজারের চিত্র তুলে ধরে নাজের হোসাইন বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বিপিসি দাম বাড়ায়, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশে আর কমানো হয় না। রোববার রাতে সরকার যখন তেলের দাম বাড়ালো, তার পরদিন সকালেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্টো নিম্নমুখী দেখা গেছে এবং সামনে তা আরও কমতে পারে। এই অবস্থায় সরকারের তরফ থেকে নেওয়া এমন সিদ্ধান্ত কোনোভাবেই বাস্তবসম্মত বা সুবিবেচনাপ্রসূত হয়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে