নবপ্রকাশ ডেস্ক:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মরিয়মের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানান আলোচনা চলছে। কেউ কেউ দাবি করছেন, সম্প্রতি ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ব্যক্তিগত ভিডিওর কারণে মরিয়ম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে এ দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, মরিয়মের সঙ্গে গাজী নজরুলের বিয়ে জোর করে হয়েছিল এবং এমপির কিছু কর্মকাণ্ড মরিয়ম মেনে নিতে পারছিলেন না।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। চলতি বছর এক তরুণীর সঙ্গে তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে এমপি জানান, ভিডিওতে দৃশ্যমান ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
মরিয়মের মৃত্যু হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে—এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর পেছনে কারও প্ররোচনা ছিল কি না, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
