নবপ্রকাশ ডেস্ক:
জনপ্রিয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন এই দায়িত্বে তিনি বাংলাদেশে উবারের সার্বিক ব্যবসা ও কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবহনসেবার পরিধি আরও বিস্তৃত করতে কৌশলগত ভূমিকা পালন করবেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উবার বাংলাদেশ এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
উবারে যোগ দেওয়ার আগে জামশেদ হাসান ‘ওয়েজলি বাংলাদেশে’ ভাইস প্রেসিডেন্ট অব বিজনেস অ্যান্ড গ্রোথ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যিক কৌশল বাস্তবায়নে মূল ভূমিকা রাখেন। এ ছাড়া দীর্ঘ ক্যারিয়ারে তিনি ডিএইচএল, ইউপিএস ও মেটলাইফের মতো খ্যাতনামা বৈশ্বিক প্রতিষ্ঠানে করপোরেট বিক্রয়, রাজস্ব বৃদ্ধি, কৌশলগত অংশীদারত্ব ও পণ্য উন্নয়নে দায়িত্ব পালন করেছেন।
জামশেদ হাসানকে স্বাগত জানিয়ে উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ইন্টারন্যাশনাল মার্কেটস বিভাগের প্রধান আকাঙ্ক্ষা সিং বলেন, “বাংলাদেশে আমাদের ব্যবসা পরিচালনায় জামশেদের সুদীর্ঘ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা সম্প্রসারণ ও বাণিজ্যিক কৌশলে তাঁর দক্ষতা বাংলাদেশে উবারের কার্যক্রমকে আরও বেগবান করবে।”
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে এসএম জামশেদ হাসান বলেন, “বাংলাদেশে উবারের কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দেশের পরিবহন খাতে উবার ইতিমধ্যেই একটি শক্ত অবস্থান তৈরি করেছে। গত ১০ বছরে যে ভিত্তি গড়ে উঠেছে, তাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে আমি উবার টিমের সঙ্গে কাজ করতে উন্মুখ।”
২০১৬ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে রাইডশেয়ারিং অ্যাপ উবার। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে ৭২ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে তারা এবং এর মাধ্যমে প্রায় ৩ লাখ ৫০ হাজারের বেশি চালক-অংশীদারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ২০১০ সালে বিশ্বব্যাপী পথচলা শুরু করা প্রযুক্তি প্রতিষ্ঠানটি বাংলাদেশে নতুন বিনিয়োগ ও সেবা সম্প্রসারণের অংশ হিসেবেই জামশেদ হাসানকে শীর্ষ পদে স্থলাভিষিক্ত করল।
