ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইউটিউবে সালমানের নতুন বার্তা

ইউটিউবে সালমানের নতুন বার্তা

বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার সালমান খান এবার বড় পর্দার সীমানা পেরিয়ে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছেন। ‘বিয়িং সালমান খান’ (Being Salman Khan) নামের এই নতুন চ্যানেলের মাধ্যমে ভক্ত ও উদীয়মান শিল্পীদের নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী, শারীরিক অঙ্গভঙ্গি ও বিশেষ সংলাপ পরিবেশনের কৌশল হাতে-কলমে শেখাবেন এই অভিনেতা।

গত শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সালমান খান নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিওর লিংক শেয়ার করে এই ইউটিউব চ্যানেল চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, “শুরু থেকে শুরু করি। এটি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড—সবকিছুই এখানে পাওয়া যাবে।”

চ্যানেলটির সূচনার পর প্রকাশিত একটি আকর্ষণীয় ভিডিওতে সালমান খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। যার একটিতে তিনি অভিনয় ও ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষক এবং অন্যটিতে একজন কৌতূহলী শিক্ষার্থী। প্রশিক্ষকের ভূমিকায় থেকে তিনি পর্দায় নিজের চিরচেনা হাঁটার ভঙ্গি, সংলাপ ডেলিভারির কায়দা এবং ক্যামেরার সামনে বিশেষ উপস্থিতি ফুটিয়ে তোলার কৌশলগুলো অত্যন্ত রসাত্মক ও সাবলীলভাবে তুলে ধরেছেন।

চ্যানেলটি খোলার সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। অল্প সময়ের মধ্যেই এর সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে সিনেমার বাইরেও প্রিয় তারকার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার নতুন সুযোগ পাচ্ছেন তার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা।

বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে ইউটিউবে নিজেদের ব্যক্তিগত চ্যানেল বা ভ্লগ চালুর প্রবণতা নতুন নয়। সালমান ছাড়াও বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এছাড়া চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের ফুড ও লাইফস্টাইল ভ্লগ চ্যানেলটি বেশ জনপ্রিয়; ২০২৪ সালে চালুর পর বর্তমানে তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে। বিভিন্ন তারকার বাড়ি গিয়ে রান্না ও আড্ডাভিত্তিক তাঁর ভিডিওগুলো বেশ প্রশংসিত হয়েছে।

এদিকে কাজের দিক থেকে বর্তমানে ছোটপর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুমের সঞ্চালনা নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। অন্যদিকে বড়পর্দায় তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাত্রুভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ চলচ্চিত্রে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। চলতি বছরের মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও দুই দফায় মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় বর্তমানে নতুন তারিখের জন্য অপেক্ষা করছেন দর্শক।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে