নবপ্রকাশ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হচ্ছে। তিনি হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালাচ্ছেন। রয়টার্স এ খবর জানিয়েছে।
দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেছেন, ‘আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না।’
রয়টার্সের খবর অনুসারে ট্রাম্প আরও বলেছেন, আমি মনে করি বেশির ভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে। তাঁরা বুঝতে পেরেছে আমরা যা করছি তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে।
ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি সমঝোতা বা চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বুধবার ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান। সংবাদ সংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করেছে।
ব্রেট বায়ার বলেন, ‘কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। প্রস্তাবিত এই সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে তিনি বেশ আশাবাদী। আমি তাঁকে সময়সীমার কথা জিজ্ঞাসা করলে তিনি জানান, সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে।’
তবে ট্রাম্প বিষয়টিকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে দেখছেন বলেও বায়ার উল্লেখ করেন।
সম্ভাব্য এ চুক্তির মূল শর্ত হিসেবে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া ও দ্বিতীয়ত, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা নিশ্চিত করা।
একই দিন হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। তারা নিজেরাও আলোচনা করতে ও চুক্তিতে আসতে চায়। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একতরফা হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েলে ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
