এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ে ৩৫টি দলকে ৭টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। বাছাইপর্বের ম্যাচগুলো হবে ৮ থেকে ২০ নভেম্বর।
‘সি’ গ্রুপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। ফলে বাংলাদেশের বাছাইপর্বের ম্যাচগুলোও আরব আমিরাতে হবে।
৭ গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে মূল পর্বে। এর সঙ্গে কাতার বিশ্বকাপে জায়গা পাওয়া এশিয়ার নয়টি দল— অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ভিয়েতনাম—মূল পর্বে খেলবে।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্ব হবে উজবেকিস্তানে আগামী বছরের ১২-২৯ মে।
বাছাইপর্বের অন্য গ্রুপগুলোর মধ্যে ‘এ’ গ্রুপে ইন্দোনেশিয়া, মিয়ানমার, আফগানিস্তান, ফিলিপাইন ও কম্বোডিয়া।
‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ইরাক, হংকং, চীনা তাইপে ও মালদ্বীপ। ‘ডি’ গ্রুপে ইরান, লাওস, জর্ডান, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
‘ই’ গ্রুপে ভারত, মালয়েশিয়া, ফিলিস্তিন, সিঙ্গাপুর ও গুয়াম। ‘এফ’ গ্রুপে ইয়েমেন, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া ও নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস। আর ‘জি’ গ্রুপে রয়েছে ওমান, কুয়েত, বাহরাইন, লেবানন ও ব্রুনেই দারুসসালাম।
