ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে দাপুটে এক জয় তুলে নিলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। বাছাইপর্ব পেরিয়ে আসা পোলিনা ইয়াতচেঙ্কোকে মাত্র ৫৩ মিনিটে হারিয়েছেন এই বেলারুশিয়ান তারকা।
নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে সাবালেঙ্কার জয় ৬-১, ৬-১ গেমে। এই জয়ে নিউ ইয়র্কে টানা ১৫ ম্যাচ জিতলেন তিনি।
ম্যাচের শুরু থেকেই ইয়াতচেঙ্কোকে থিতু হওয়ার সুযোগই দেননি সাবালেঙ্কা। প্রথম সেটেই প্রতিপক্ষের দুটি সার্ভিস ব্রেক করে দ্রুত এগিয়ে যান। প্রথম সেটে নিজের প্রথম সার্ভে পাওয়া ১৬ পয়েন্টের ১৫টিই জেতেন সাবালেঙ্কা। ২৪ মিনিটে ৬-১ ব্যবধানে জিতে নেন প্রথম সেট সেট।
এরপর দ্বিতীয় সেটেও দাপট বজায় রেখে এগিয়ে যান সাবালেঙ্কা। এই জিততে তিনি সময় নেন ২৯ মিনিট।
জয়ের পর নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সাবালেঙ্কা, ‘নিজের পারফরম্যান্সের মান নিয়ে আমি খুশি। অনেক কঠোর পরিশ্রম করেছি। তবে এখন কোর্টে নিখুঁত হওয়ার চেষ্টা থেকে কিছুটা সরে আসছি। আমি জানি, কেউই নিখুঁত হতে পারে না। তাই এই মুহূর্তে আমার কাছে যা আছে, সেটি নিয়েই কাজ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘আমার পারফরম্যান্স নিয়ে বেশ খুশি। নিজের মনোযোগ নিয়েও সন্তুষ্ট। যাই ঘটুক না কেন, নিজের ওপর মনোযোগ ধরে রাখতে পারছি এবং সেই মনোযোগে ধারাবাহিক থাকতে পারছি—এটাই ভালো লাগছে।’
হারের ব্যবধান বড় হলেও নিউইয়র্ক থেকে গর্ব করার মতো অর্জন নিয়েই ফিরছেন ইয়াতচেঙ্কো। নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যামের মূলপর্বে জায়গা করে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলেছেন তিনি। প্রথম রাউন্ডে রেনাতা জারাজুয়াকে ৪-৬, ৬-৪, ৭-৬ [১০-৭] গেমে হারাতে তাকে লড়তে হয়েছে ৩ ঘণ্টা ২৭ মিনিট।
তৃতীয় রাউন্ডে সাবালেঙ্কার প্রতিপক্ষ উজবেকিস্তানের কামিলা রাখিমোভা। শুক্রবার মুখোমুখি হবে দুজন। এর আগে তিনবার দেখা হলেও প্রতিবারই জয় পেয়েছেন সাবালেঙ্কা।
