নবপ্রকাশ ডেস্ক:
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে দেশের ৪৯৫টি উপজেলায় ‘উপজেলা ক্রীড়া অফিসার’ পদ সৃজনের অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। গতকাল এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ধানমন্ডি ক্রিকেট মাঠ ও ধানমন্ডি মাঠের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “জেলা পর্যায়ে আমাদের ক্রীড়া দপ্তর থাকলেও উপজেলায় কোনো কর্মকর্তা ছিল না। দায়িত্ব নেওয়ার পর নির্বাচনি ইশতেহার অনুযায়ী আমরা এ উদ্যোগ নিই। আশা করছি দুই-তিন বছরের মধ্যে এর সুফল দেশের ক্রীড়াঙ্গনে দেখা যাবে।”
তিনি জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে ফুটবল ও ক্রিকেটসহ ১০টি ইভেন্টে দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রায় ১৫ লাখ তরুণ অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন। সময় আরও বাকি থাকায় নিবন্ধনের সংখ্যা ২০ লাখে পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
খেলার মাঠ দখলের বিরুদ্ধে কড়া বার্তা: খেলার মাঠের সুরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রামপুরায় মাঠ দখলের খবর পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডি মাঠসহ সব খেলার মাঠের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। আবাহনী ও ধানমন্ডি ক্লাবসহ ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রেখে নতুন করে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ফুটসাল গ্রাউন্ড ও খেলোয়াড়দের সরকারি ভাতা: ঢাকার বাইরে সারা দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ও জেলা পর্যায়ে একটি করে ফুটসাল গ্রাউন্ড তৈরির পরিকল্পনা রয়েছে। এর জন্য সংশ্লিষ্টদের ডিপিপি (ডিপিপি) পাঠাতে বলা হয়েছে। এছাড়া খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভাতার আওতায় আনার পাশাপাশি ক্রীড়া খাতে নতুন করে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
