তারকার মৃত্যু সাধারণ মানুষের মৃত্যুর মতো নিছক একটি ঘটনা হয়ে থাকে না। জনপ্রিয়তার কারণে তাদের জীবনের শেষ মুহূর্ত নিয়েও তৈরি হয় অসংখ্য প্রশ্ন, জল্পনা ও নানা তত্ত্ব। কখনো তদন্তের পরও কিছু প্রশ্নের উত্তর মেলে না, কখনো সরকারি সিদ্ধান্তের সঙ্গে পরিবারের দাবি মেলে না। আবার কোনো কোনো ঘটনায় সময়ের সঙ্গে নতুন তথ্য সামনে আসায় পুরোনো রহস্য আরও ঘনীভূত হয়। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ থেকে হলিউডের মেরিলিন মনরো এমন বেশ কয়েকজন তারকার মৃত্যু আজও মানুষের কৌতূহলের কেন্দ্রে।
সালমান শাহ: আত্মহত্যা, নাকি হত্যা?
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান বাংলাদেশের চলচ্চিত্র তারকা সালমান শাহ। তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। রাজধানীর ইস্কাটনের বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শুরু থেকেই তার পরিবার মৃত্যুটিকে আত্মহত্যা বলে মানতে চায়নি এবং হত্যার অভিযোগ তুলে আসছিল।
