নবপ্রকাশ ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক যাত্রা ঘিরে শুভকামনা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি জানান, সহধর্মিণীকে সঙ্গে নিয়ে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দিতে ইতোমধ্যে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতিসংঘের মূল মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ বিশ্বনেতাদের গভীর দৃষ্টি আকর্ষণ করবে। এ ছাড়া অধিবেশনের সাইডলাইনে বিশ্বমঞ্চের গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক মর্যাদা ও সম্ভাবনার দুয়ারকে আরও সুদৃঢ় করবে।
বিগত দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি আরও উল্লেখ করেন, গত দেড় দশকে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী সাধারণ বাংলাদেশিরা নিউইয়র্কে অসংখ্য আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচি পালন করেছেন। তবে এবার জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় প্রবাসীরা তাঁকে স্বাগত জানাতে এক অত্যন্ত উৎসবমুখর পরিবেশ তৈরি করবেন।
বার্তার শেষাংশে মুশফিকুল ফজল আনসারী দেশপ্রেম ও জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে লেখেন, যেকোনো ব্যক্তিগত আশা-প্রত্যাশার ঊর্ধ্বে আমাদের একমাত্র অগ্রাধিকার ‘সবার আগে বাংলাদেশ’।
