বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী নূতন সম্প্রতি শাকিব খানের দুই স্ত্রী—অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি দুজনের সঙ্গেই কাজ করার স্মৃতিও তুলে ধরেন।
অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো উল্লেখ করে নূতন জানান, শাকিবের স্ত্রী হিসেবে তিনি অপুকে ‘মিসেস খান’ বলে ডাকেন। তার ভাষায়, অপু ভালো মনের মানুষ এবং একজন সফল অভিনেত্রী।
অপুর ব্যক্তিজীবন নিয়ে দর্শকদের আগ্রহের প্রসঙ্গেও নূতন পরামর্শ দেন। তার মতে, তারকাদের ব্যক্তিগত জীবনের সব বিষয় প্রকাশ্যে না আনাই ভালো। সময় ও পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বিষয়গুলো প্রকাশ করা উচিত বলে মনে করেন তিনি।
অপুর উদ্দেশে শুভকামনা জানিয়ে নূতন বলেন, অভিনয়ের পাশাপাশি সন্তানকে নিয়ে যেন তিনি ভালো ও সুস্থ থাকেন।
এদিকে শবনম বুবলীর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে বলে জানান নূতন। তবে শাকিব খানের দুই স্ত্রীর মধ্যে অপুর সঙ্গেই তার কাজের সুযোগ বেশি হয়েছে বলে উল্লেখ করেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী।
