নবপ্রকাশ ডেস্কঃ
বাংলাদেশের রাষ্ট্রপতি ইস্যুতে আজ শুক্রবার বিকালে জাতীয় সংসদে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সরকারের একাধিক সূত্র এই খবর নিশ্চিত করেছে।
আজ (শুক্রবার) বিকাল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন হবে বলে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার বিষয়ে স্পিকার কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আজই তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে বঙ্গভবনের একাধিক সূত্রে জানা গেছে।
মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন- এমন খবর নিয়ে গত দুই দিন ধরেই আলোচনা চলছে বাংলাদেশের গণমাধ্যমে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে।
অন্যদিকে, থাইল্যান্ডে সফর সংক্ষিপ্ত করে দুদিন আগে আজ শুক্রবার দেশে ফিরেছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদে নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
