ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » রাজ্জাককে মনে করে আবেগঘন কনকচাঁপা

রাজ্জাককে মনে করে আবেগঘন কনকচাঁপা

বিনোদন ডেস্ক

নায়করাজ রাজ্জাকের অভিনয় ও ব্যক্তিত্বের স্মৃতি আজও সমানভাবে মনে রেখেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। কিংবদন্তি এই অভিনেতার সঙ্গে নিজের প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে পরবর্তী সময়ের নানা স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে কনকচাঁপা জানান, ১৯৮৬ সালে একটি অনুষ্ঠানে প্রথমবার রাজ্জাকের সঙ্গে তাঁর দেখা হয়। নিজের পরিচয় দেওয়ার পর রাজ্জাক তাঁর গান সম্পর্কে জানতে চান। কিংবদন্তি অভিনেতাকে সামনে দেখে সে সময় তিনি এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন যে ঠিকমতো কথাও বলতে পারেননি।

এরপর একটি প্লেব্যাক রেকর্ডিংয়ে আবার দেখা হয় দুজনের। কনকচাঁপার স্মৃতিতে, সেদিন রাজ্জাক তাঁকে উৎসাহ দিয়ে বলেছিলেন, ‘আমি জানতাম, এ জায়গাটা তোমার। তুমি তোমার করে নাও, আশীর্বাদ।’ এরপর রাজ্জাক প্রযোজিত প্রায় প্রতিটি সিনেমাতেই কনকচাঁপার গান রাখার সুযোগ হয়।

নায়করাজ তাঁকে আদর করে ‘কনাচাঁপা’ বলে ডাকতেন। এমনকি তাঁর স্বামীকেও ‘জামাইবেটা’ বলে সম্বোধন করতেন। এই আন্তরিক সম্পর্ককে নিজের পরিবারের মতোই মনে করতেন কনকচাঁপা।

একবার কনকচাঁপা মজা করে বলেছিলেন, তাঁর সময় যদি রাজ্জাক-কবরীর মতো তারকাদের পাওয়া যেত! জবাবে রাজ্জাকও হাসতে হাসতে বলেছিলেন, তাঁদের সময়ে যদি কনকচাঁপাকে পাওয়া যেত। সেই মুহূর্তের স্মৃতিও আবেগের সঙ্গে তুলে ধরেছেন গায়িকা।

কনকচাঁপা আরও জানান, রেকর্ডিংয়ের সময় সবাইকে একসঙ্গে নিয়ে খাওয়ার অভ্যাস ছিল রাজ্জাকের। তিনি নিজে রেকর্ডিংয়ে ভাত না খেলে রাজ্জাক বিশেষভাবে তাঁর জন্য কাবাব আনিয়ে দিতেন। এসব ছোট ছোট ঘটনাই তাঁর কাছে নায়করাজের স্নেহ ও আন্তরিকতার স্মৃতি হয়ে আছে।

কনকচাঁপার ভাষায়, রাজ্জাক সবসময় পরিবারকে সঙ্গে নিয়ে চলতেন এবং সন্তানদেরও শিষ্টাচার ও মূল্যবোধের শিক্ষা দিয়েছিলেন। বয়স বাড়ার সঙ্গে রাজ্জাকের ব্যক্তিত্বে গাম্ভীর্য এলেও তাঁর হাসির সেই পরিচিত মায়া কখনো হারায়নি।

বাংলাদেশের চলচ্চিত্রে রাজ্জাকের অবদান স্মরণ করে কনকচাঁপা বলেন, তাঁর স্বাভাবিক ও সময়ের চেয়ে এগিয়ে থাকা অভিনয় বাংলা ভাষাভাষী দর্শক কখনো ভুলবে না। দেশের চলচ্চিত্রকে তিনি নিজের প্রতিভা ও শ্রম দিয়ে সমৃদ্ধ করেছেন বলেও উল্লেখ করেন এই শিল্পী।

শেষে নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে কনকচাঁপা তাঁর আত্মার শান্তি কামনা করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে