ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মেসির শেষ ম্যাচের জার্সিতে থাকছে বিশেষ চমক

মেসির শেষ ম্যাচের জার্সিতে থাকছে বিশেষ চমক

স্পোর্টস ডেস্ক :

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। বিদায়ী ম্যাচে যে জার্সি পরে মাঠে নামবেন মেসি সেই জার্সিতে থাকছে বিশেষ চমক।

বিদায়ী ম্যাচের জার্সি প্রকাশ করেছেন মেসি নিজেই। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তিনি এই জার্সিটির প্রথম ঝলক দেখান ভক্ত-সমর্থকদের। ক্যাপশনে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ… আজীবনের জার্সি।’

জার্সিটিতে রাখা হয়েছে বিশেষ নকশা ও সোনালি রঙের ছোঁয়া। জার্সিটির মূল রং থাকবে আর্জেন্টিনার চিরচেনা আকাশি। তবে এবার নকশায় থাকছে কিছুটা ভিন্নতা। মাঝ বরাবর থাকবে একটি সাদা উল্লম্ব স্ট্রাইপ। সাধারণ জার্সির তুলনায় এই নকশায় বিশেষত্ব আনার চেষ্টা করা হয়েছে মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে।

জার্সির পেছনেও থাকছে আলাদা আয়োজন। মেসির নাম ও জার্সি নম্বর লেখা হবে সোনালি রঙে। আর পেছনে উঁচু-নিচু নকশায় ফুটিয়ে তোলা হবে আর্জেন্টিনার প্রতীকী ‘সান অব মে’। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচের স্মৃতিকে বিশেষ করে তুলতেই এই আয়োজন।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে মোট তিনটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এই পর্ব। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটিতেই থাকবেন মেসি।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দুই দশকের বেশি সময় জাতীয় দলের জার্সিতে কাটিয়েছেন মেসি। ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জয়ের পর এবার সেই জার্সিতেই শেষবার মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইন মহাতারকা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে