ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মৃত্যুর পর ফিরে এলো পুরোনো মানবিকতার গল্প

মৃত্যুর পর ফিরে এলো পুরোনো মানবিকতার গল্প

বিনোদন ডেস্ক

নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ১৪ সেপ্টেম্বর ভোরে মারা যান তিনি। পরে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুর পর সহকর্মীদের নানা স্মৃতিচারণে উঠে আসছে সজীবের জীবনের অজানা অনেক অধ্যায়। অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর একটি আবেগঘন ফেসবুক পোস্টে উঠে এসেছে তার কঠিন সময়ের পাশাপাশি অভিনেত্রী তানজিন তিশার মানবিক সহযোগিতার একটি ঘটনা।

মিঠুর বর্ণনা অনুযায়ী, একবার বৃষ্টি ও কাদাপানি পেরিয়ে ‘নোঙ্গর’ নাটকের শুটিংয়ে এসেছিলেন সজীব। তখন তিনি ছিলেন অসহায় ও ক্ষুধার্ত। বিষয়টি জানতে পেরে তানজিন তিশা তাকে আড়ালে খাবার খাওয়ান। পাশাপাশি তার পকেটে কিছু অর্থও তুলে দেন।

সজীবের সেই কঠিন সময়ের আরেকটি ঘটনার কথাও স্মরণ করেছেন মিঠু। তার দাবি, ঈদের মাত্র কয়েক দিন আগে সজীবকে দেওয়া তিন দিনের শুটিং বাতিল হয়ে যায়। এতে আর্থিকভাবে আরও চাপে পড়েছিলেন তিনি।

পরে সজীবকে কাজের সুযোগ করে দিতে তানজিন তিশা, তৌসিফ মাহবুব ও মিঠু স্বল্প পারিশ্রমিকে একটি নাটকে অভিনয় করেন বলে জানান মিঠু। ঈদের আগের দিন সকাল থেকে রাত ১টা পর্যন্ত চলে সেই কাজ।

কাজ শেষ হওয়ার পর সজীবের মুখে স্বস্তির হাসি ফুটেছিল। মিঠুর স্মৃতিতে, সেদিন সজীব বলেছিলেন—অন্তত এবার তিনি ঈদটা উদযাপন করতে পারবেন।

সেই পুরোনো স্মৃতিই সজীবের মৃত্যুর পর নতুন করে আবেগঘন হয়ে উঠেছে মিঠুর কাছে। তার পোস্টে সজীবের সঙ্গে দুর্ব্যবহারের একটি ঘটনাও উঠে এসেছে। তবে তিনি ওই অভিনেতার নাম প্রকাশ করেননি।

মিঠুর এই লেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, সজীবের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ ওঠা সেই অভিনেতা আসলে কে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য বা বিস্তারিত তথ্য পোস্টে উল্লেখ করা হয়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে