মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের লিঙ্গিতে সহকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে তিন বাংলাদেশি প্রবাসী নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) বিকেলে তামান লিঙ্গির একটি আবাসিক বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, একই প্রতিষ্ঠানে কর্মরত এবং একই বাসায় বসবাসকারী কয়েকজন সহকর্মীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে এই সহিংসতা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪০ বছর বয়সি এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে সংঘর্ষে গুরুতর আহত অপর এক বাংলাদেশিকে দ্রুত উদ্ধার করে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক ও কর্মক্ষেত্রের কলহসহ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত চলছে।
(সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস)
