নবপ্রকাশ ডেস্ক
সৌদি আরবের দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পবিত্র মক্কা নগরী অভিমুখে একটি ড্রোন পাঠিয়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আগেই শনাক্ত করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে হুতিরা।
ঘটনার পর মক্কা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সৌদি কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য মক্কা, তাইফ ও জেদ্দায় সতর্কতা জারি করলেও অল্প সময়ের মধ্যেই তা প্রত্যাহার করা হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি সন্দেহজনক ড্রোন শনাক্ত করে। সেটি নির্ধারিত আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। তাঁর ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য হতে পারে বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা।
আল-মালিকি বলেন, মক্কা ও মদিনার পবিত্র স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মুসল্লিদের নিরাপত্তার বিষয়েও কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না বলে জানান তিনি।
এদিকে হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র স্থানগুলো তাদের সামরিক কর্মকাণ্ডের লক্ষ্য নয়। মক্কাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগকে তারা ভিত্তিহীন বলে দাবি করেছে।
ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি-সমর্থিত বাহিনীর সংঘাত দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ঘিরে আবারও উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে মক্কামুখী ড্রোনের অভিযোগকে কেন্দ্র করে সৌদি আরবে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
