ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন সামান্য এগিয়ে লুলা, দ্বিতীয় দফা ভোটের আভাস

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন সামান্য এগিয়ে লুলা, দ্বিতীয় দফা ভোটের আভাস

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটের আগে একাধিক জনমত জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার প্রধান প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তবে কোনো জরিপেই লুলার ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার আভাস নেই। ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। দেশটির নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেলে প্রথম ধাপেই নির্বাচিত হবেন। অন্যথায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার প্রকাশিত সিএনটি/এমডিএ জরিপে প্রথম ধাপে লুলা ৪৭ দশমিক ৮ শতাংশ এবং বলসোনারো ৪২ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারেন বলে আভাস দেওয়া হয়েছে। অগাস্টো কিউরি ৩ দশমিক ৬, রোনালদো কাইয়াডো ৩ দশমিক ৪, রেনান সান্তোস ১ দশমিক ৭ এবং রোমিউ জেমা শূন্য দশমিক ৯ শতাংশ ভোট পেতে পারেন।

ডাটাফোলার জরিপে লুলা ৪৫ এবং বলসোনারো ৪২ শতাংশ ভোট পেতে পারেন। অন্যদের মধ্যে কাইয়াডো ৪, সান্তোস ৩, কিউরি ৩ এবং জেমা ১ শতাংশ ভোট পেতে পারেন।

কোয়েস্টের জরিপে লুলার সমর্থন ৪৬ শতাংশ এবং বলসোনারোর ৪৫ শতাংশ। কিউরি, সান্তোস ও কাইয়াডো প্রত্যেকে ৩ শতাংশ করে সমর্থন পেতে পারেন বলে জরিপে উঠে এসেছে।

অন্যদিকে আটলাসইনটেল ও ব্লুমবার্গের জরিপে লুলা ৪৭ এবং বলসোনারো ৪৪ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারেন। সান্তোস ৪ দশমিক ৬, কিউরি ২ দশমিক ১ এবং কাইয়াডো ১ দশমিক ৪ শতাংশ ভোট পেতে পারেন।

দ্বিতীয় দফার ভোটের সম্ভাব্য ফল নিয়েও জরিপগুলোতে ভিন্ন চিত্র পাওয়া গেছে। সিএনটি/এমডিএ জরিপে লুলা ৪৭ দশমিক ৩ এবং বলসোনারো ৪৩ দশমিক ১ শতাংশ সমর্থন পেয়েছেন। ডাটাফোলায় লুলা ৪৭ ও বলসোনারো ৪৬ শতাংশে রয়েছেন। আটলাসইনটেল-ব্লুমবার্গ জরিপে লুলা ৪৭ দশমিক ৬ এবং বলসোনারো ৪৭ দশমিক ৪ শতাংশে প্রায় সমান অবস্থানে রয়েছেন। তবে কোয়েস্টের জরিপে বলসোনারো ৪৪ শতাংশ এবং লুলা ৪২ শতাংশ সমর্থন পেয়েছেন।

সিএনটি/এমডিএ ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৭ জনের ওপর জরিপ চালিয়েছে। এ জরিপের ত্রুটির সীমা ২ দশমিক ২ শতাংশ পয়েন্ট। ডাটাফোলা ২ থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৬ জনের ওপর জরিপ চালিয়েছে, যার ত্রুটির সীমা ২ শতাংশ পয়েন্ট। কোয়েস্ট ২ থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৭০২ জনের ওপর জরিপ করেছে, এ জরিপের ত্রুটির সীমাও ২ শতাংশ পয়েন্ট। আর আটলাসইনটেল ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৯৪৫ জনের ওপর জরিপ চালিয়েছে, যার ত্রুটির সীমা ১ শতাংশ পয়েন্ট।

জরিপগুলোর ফলাফলে প্রথম ধাপে লুলা এগিয়ে থাকলেও ব্যবধান তুলনামূলক কম। একই সঙ্গে দ্বিতীয় দফার সম্ভাব্য ভোটে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান আরও সংকুচিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

-রয়টার্স

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে