আন্তজার্তিক ডেস্ক: ভারতের বিহারে জাতীয় পর্যায়ের মেডিকেল ভর্তি পরীক্ষা (নীট) নিয়ে অনিয়মের অভিযোগে ডাকা ‘বিহার বন্ধ’ কর্মসূচি চলাকালে ছাত্র বিক্ষোভে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যসভার সদস্য মনোজ কুমার ঝা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করেছেন। খবর ইন্ডিয়া টুডে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নীল রঙের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা কনস্টেবল অভিষেক প্যাটেল বিক্ষোভকারীদের দিকে ছুটে গিয়ে একে-৪৭ রাইফেল থেকে অন্তত একটি গুলি ছোড়েন। তবে বিভিন্ন সূত্রের দাবি, ঘটনাস্থলে মোট চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল, যদিও ভাইরাল ভিডিওতে একটি গুলির দৃশ্যই স্পষ্টভাবে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, গুলি ছোড়ার পর ওই কনস্টেবল সহকর্মীদের সামনে এগিয়ে আসার নির্দেশ দেন। পরে আরেক পুলিশ সদস্যকে মাটিতে পড়ে থাকা একটি বস্তু তুলে বিক্ষোভকারীদের দিকে ছুড়ে মারতেও দেখা যায়।
নীট পরীক্ষায় প্রশ্নপত্রে অনিয়মের অভিযোগে ছাত্র সংগঠনগুলোর ডাকা রাজ্যব্যাপী ‘বিহার বন্ধ’ কর্মসূচিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
এদিকে সিওয়ান জেলার পুলিশ সুপার জানান, ভাইরাল ভিডিও সামনে আসার পর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল অভিষেক প্যাটেলকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
তবে গণমাধ্যমে তিনজন আহত হওয়ার খবর প্রকাশিত হলেও পুলিশ সুপারের দাবি, পুলিশের গুলিতে কেউ আহত হননি। তিনি বলেন, কী পরিস্থিতিতে ওই কনস্টেবল একে-৪৭ থেকে গুলি চালিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, বিক্ষোভ মোকাবিলায় কোনো অবস্থাতেই গুলি না চালানোর স্পষ্ট নির্দেশ ছিল।
