নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই চাপে পড়ে যায় ব্রাজিল ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। এতে ১৯৩৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারের শঙ্কায় পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। তার গোলেই শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এটি কঠিন একটি ম্যাচ ছিল, বিশেষ করে শুরুটা। আমার মনে হয় দল কিছুটা নার্ভাস ছিল এবং চাপ অনুভব করছিল।’
ব্রাজিল কোচের মতে, ড্র ফলাফল খুব খারাপ নয়। এখন সামনের ম্যাচগুলোতে উন্নতি করাই মূল লক্ষ্য।
আনচেলত্তি বলেন, ‘ফলটা খারাপ না। দ্বিতীয় ম্যাচ থেকে আরও ভালো করার চেষ্টা করব। প্রথম ম্যাচের ওপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না।’
এদিকে দলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের ওপরই আস্থা রাখছেন ইতালিয়ান এই কোচ। চোট কাটিয়ে নেইমার ফিরলেও ভিনিসিয়ুসই আক্রমণের মূল নেতা হবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে নিজেদের শুরু নিয়ে সন্তুষ্ট নন ভিনিসিয়ুস নিজেও। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা খুব বাজেভাবে ম্যাচ শুরু করেছি। প্রথম গোল হজম করার পর ম্যাচে ফেরাটা কঠিন হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের উন্নতি করতে হবে এবং আরও ভালো হতে হবে। প্রতিযোগিতা তো সবে শুরু হয়েছে। এটি বিশ্বকাপ, এখানে কোনো সহজ ম্যাচ নেই।’
অন্যদিকে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোও এই ম্যাচে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক আশরাফ হাকিমি।
তবে ম্যাচ শেষে আক্ষেপ ঝরেছে মরক্কো কোচ মোহামেদ ওহাবির কণ্ঠে। তিনি বলেন, ‘এটি ভালো ম্যাচ ছিল। আমরা এক পয়েন্ট পেয়েছি, তবে আরও বেশি কিছু আশা করেছিলাম। আমরা খুশি, কিন্তু জয় পেলে আরও ভালো লাগত।’
