স্পোর্টস ডেস্ক:
ফুটবলের আইন অনুযায়ী মাঠে রেফারির সিদ্ধান্তই সর্বোচ্চ। তিনি ম্যাচ স্থগিত করতে, বাতিল করতে, খেলোয়াড় বহিষ্কার করতে, কোচকে লাল কার্ড দেখাতে এবং দর্শক বা আবহাওয়ার কারণে খেলা বন্ধ করতে পারেন। তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। যদিও পরে ভিডিও বিশ্লেষণে ভুল প্রমাণিত হতে পারে।
ক্ষমতাধর এই রেফারিরা বিশ্বকাপ টুর্ণামেন্ট পরিচালনা করে কত পারিশ্রমিক পান সেটা কি দর্শকরা জানে? জানলে চোখ কপালে উঠবে।
সাম্প্রতিক বিশ্বকাপগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বকাপে প্রধান রেফারির টুর্নামেন্ট ফি ৫০ থেকে ৭০ হাজার মার্কিন ডলার। মানে ৬০ থেকে ৮৫ লাখ টাকার মতো।
আর এর বাইরে ম্যাচপ্রতি পান ৩ থেকে ৫ হাজার মার্কিন ডলার বা সাড়ে ৩ থেকে ৬ লাখ টাকা। অর্থাৎ ফিফার একটি আসরে রেফারিং করার মাধ্যমে একজন প্রধান রেফারি ১ কোটি টাকার বেশি আয় করেন।
সহকারী রেফারির টুর্নামেন্ট ফি ২৫ থেকে ৩৫ হাজার ডলার বা ৩০ থেকে ৪২ লাখ টাকা। প্রতি ম্যাচে পান ২ থেকে ৩ হাজার ডলার বা আড়াই থেকে সাড়ে ৩ লাখ টাকা। এ ছাড়া ভ্রমণ, আবাসন ও অন্যান্য ভাতা ফিফা বহন করে।

বর্তমানে বিশ্বকাপে মাঠের বাইরে একটি সম্পূর্ণ ভিএআর দল থাকে। তাঁদের মধ্যে থাকেন ভিডিও সহকারী রেফারি, সহকারী ভিএআর, অফসাইড ভিএআর, রিপ্লে অপারেটর। তাঁরা বিভিন্ন ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রধান রেফারিকে তথ্য দেন।
