নবপ্রকাশ ডেস্ক:
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার যাত্রীবাহী বাসের ভাড়াও বাড়াল সরকার। দূরপাল্লা ও রাজধানীসহ শহরগুলোতে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে নতুন এই ভাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব উত্থাপন করেছিল।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির সময় বাসের ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত কার্যকরের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ছিল কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে, দূরপাল্লার ৫০ থেকে ৫২ আসনের বাসে ভাড়ার হার ছিল কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা।
নতুন করে ১৭ পয়সা যুক্ত হওয়ায় যাত্রী সাধারণের পরিবহণ খরচে বাড়তি চাপ সৃষ্টি হবে। নতুন হার অনুযায়ী শিগগিরই রুটরুটভিত্তিক পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হবে।
