ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাড়বে ইলিশ: নেপথ্যে সরকারি উদ্যোগ

বাড়বে ইলিশ: নেপথ্যে সরকারি উদ্যোগ

নবপ্রকাশ ডেস্ক:

জাতীয় মাছ ইলিশের উৎপাদন গত দুই বছর ধরে কিছুটা নিম্নমুখী হলেও বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে জলবায়ু পরিবর্তন, নদীদূষণ, নির্বিচারে জাটকা নিধন এবং মা ইলিশ শিকারের কারণে উৎপাদন কমার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষক ও মৎস্যবিজ্ঞানীরা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জেলেদের জীবিকার সঙ্গে সমন্বয় করে ‘স্মার্ট হিলসা ম্যানেজমেন্ট’ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

চলতি বছর ইলিশ আহরণ ও উৎপাদন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত, মৎস্য অধিদপ্তরের পরিকল্পনা এবং সরকারের নানামুখী পদক্ষেপের পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ ব্যবস্থাপনা শাখার উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক পরিবর্তনের কারণে ইলিশ উৎপাদনে কিছু উত্থান-পতন হতে পারে। তবে উৎপাদন বাড়াতে সরকার নতুন করে ‘মা ইলিশ ও জাটকা সংরক্ষণের মাধ্যমে ইলিশের টেকসই উন্নয়ন প্রকল্প’ হাতে নিয়েছে। খুব শিগগিরই এটি অনুমোদিত হবে। নতুন এই প্রকল্পে আইনের যথাযথ বাস্তবায়ন, মোবাইল কোর্ট পরিচালনা এবং জেলেদের জন্য ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ডের সংখ্যা ৬ লাখ ২০ হাজার থেকে বাড়িয়ে ৬ লাখ ৪৬ হাজারে উন্নীত করা হয়েছে।

উৎপাদন হ্রাসের কারণ ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং গবেষণা তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৫.২৯ লাখ টন ইলিশ উৎপাদিত হয়েছিল, যার বাজারমূল্য ছিল প্রায় ২০ হাজার ৬৮০ কোটি টাকা। তবে ২০২৪-২৫ অর্থবছরে তা কমে প্রায় ৫ লাখ টনে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫.৫ শতাংশ কম। দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২ শতাংশই আসে ইলিশ থেকে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের চেয়ারম্যান ড. মাসুদ রানা বলেন, জাটকা নিধন, প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা, ছোট ফাঁসের জাল ব্যবহার, নদীর নাব্য হ্রাস এবং পানি দূষণের সম্মিলিত প্রভাবে ইলিশসম্পদের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে। ইলিশের উৎপাদন বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্যাটেলাইট ও জিআইএস প্রযুক্তি, আইওটি সেন্সর এবং ড্রোন নজরদারির মাধ্যমে একটি সমন্বিত ‘স্মার্ট হিলসা ম্যানেজমেন্ট’ গড়ে তোলার পরামর্শ দেন তিনি। এছাড়া ভারতের গুজরাটের নর্মদা অববাহিকার আদলে মোহনা ও নদীর স্বাভাবিক পানিপ্রবাহ সংরক্ষণের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল ওহাব বলেন, টেকসই উৎপাদনের জন্য প্রতিবছর সাড়ে ৫ থেকে ৬ লাখ টন ইলিশ আহরণ আদর্শ সীমার মধ্যে থাকে। মা ইলিশ রক্ষা এবং জাটকা নিধনে ‘জিরো টলারেন্স’ নীতির পাশাপাশি অভয়াশ্রমগুলোর পুনর্মূল্যায়ন ও সীমানা পুনর্নির্ধারণ করা এখন সময়ের দাবি।

উপকূলীয় অঞ্চলের জেলেদের ভাষ্যমতে, ডিম ফোটার পরপরই ছাঁকনির মতো সূক্ষ্ম জাল দিয়ে ছোট বাচ্চা (চাপিলা) এবং পরবর্তীতে কারেন্ট ও বেহুন্দি জালে নির্বিচারে জাটকা শিকার করায় ইলিশ পূর্ণাঙ্গ আকার পাওয়ার আগেই ধরা পড়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, নদীদূষণের ফলে মেঘনা নদীতে ইলিশের প্রধান খাদ্য প্ল্যাংকটন বা জলজ উদ্ভিদ ও প্রাণিকণা প্রায় ৬৮ শতাংশ হ্রাস পেয়েছে, যা মাছের বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর কঠোর বার্তা

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “ইলিশ কেবল আমাদের জাতীয় সম্পদ বা জিআই পণ্যই নয়, এটি লাখ লাখ মানুষের জীবনিকার উৎস। ইলিশ রক্ষার এই দায়িত্ব একা সরকারের নয়, এটি আমাদের সবার।”

তিনি আরও বলেন, ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার ঘোষিত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের নিষেধাজ্ঞা যেকোনো মূল্যে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এই নিষেধাজ্ঞা সফলভাবে মানা গেলে জেলেরা দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবেন।

উল্লেখ্য, সরাসরি ইলিশ আহরণের সঙ্গে জড়িত রয়েছেন প্রায় ৬ লাখ মানুষ। এ ছাড়া পরিবহন, বাজারজাতকরণ, জাল ও নৌকা তৈরি এবং প্রক্রিয়াজাতকরণ পেশার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে আরও ২০ থেকে ২৫ লাখ মানুষ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় এবং ইলিশ আহরণে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ২০১৭ সালের ১৭ আগস্ট ইলিশ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে