ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাংলাদেশি পণ্যে ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে

বাংলাদেশি পণ্যে ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে

নবপ্রকাশ ডেস্ক:

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে তিন বছর যুক্তরাজ্যের বাজারে ৯৯ দশমিক ৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান। এই ট্রানজিশনাল পিরিয়ডের পরেও প্রায় ৯২ শতাংশ বাংলাদেশি পণ্য ব্রিটিশ বাজারে শূন্য শুল্কে প্রবেশের সুবিধা অব্যাহত থাকবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হকের সাথে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব তথ্য জানান।

বৈঠকে জেমস গোল্ডম্যান আরও বলেন, ব্রিটিশ পণ্য, সেবা বা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আর্থিক সহায়তা দিতে যুক্তরাজ্যের সরকার ২ বিলিয়ন পাউন্ডের একটি বিশেষ তহবিল গঠন করেছে। এই ফান্ডের সহায়তা নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা ব্রিটেনে তাদের পণ্যের বাজার আরও সম্প্রসারিত করতে পারবেন। পাশাপাশি যুক্তরাজ্যের বাজারে প্রবেশের বিভিন্ন আনুষঙ্গিক পদ্ধতি ও ধারণা সম্পর্কে চেম্বার সদস্যদের অবহিত করতে খুব শীঘ্রই চিটাগাং চেম্বারে একটি বিশেষ কর্মশালা আয়োজনের আশ্বাস দেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরেন। এই সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বিমানবন্দরসহ সামগ্রিক লজিস্টিক খাতে অধিকতর বিনিয়োগের ওপর জোর দেন। বিশেষ করে লালদিয়া টার্মিনালে বিদেশি বিনিয়োগের মতো অন্যান্য বৃহৎ অবকাঠামো নির্মাণ ও পরিচালনা এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় ব্রিটিশ বিনিয়োগ আহ্বান জানান তিনি।

চট্টগ্রামের কৌশলগত সহায়ক ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে প্রবেশের লক্ষ্যে ফার্মাসিউটিক্যাল, স্টিল, টেক্সটাইল ও গ্রিন এনার্জিসহ অন্যান্য বৃহৎ শিল্পখাতে বিনিয়োগের জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের উৎসাহিত করতে ডেপুটি হাইকমিশনারকে অনুরোধ জানান চেম্বার সভাপতি।

উক্ত সাক্ষাতকালে চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর এবং ব্রিটিশ হাইকমিশনের ডাইরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সাকিব এরশাদসহ চেম্বারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে