বিনোদন ডেস্ক
এ সময়ের আলোচিত তরুণ অভিনেত্রীদের একজন প্রিয়ন্তী উর্বী। বেশ কিছুদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভ্রমণের নানা মুহূর্তের ছবি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অভিনেত্রী।
সম্প্রতি ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ার থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রিয়ন্তী। ছবিগুলো প্রকাশ করে মজার ছলে লিখেছেন, ‘প্রিয়ন্তী ইন প্যারিস, হা হা’।
অভিনেত্রীর ফেসবুক পোস্টে দেখা যায়, বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটাচ্ছেন তিনি। কখনো শহর ঘুরে দেখছেন, আবার কখনো উপভোগ করছেন খাবার। পোস্ট করা ছবিগুলো এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। এখন পর্যন্ত এতে ৭ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে।
প্যারিসের আগে লুক্সেমবার্গ থেকেও ছবি শেয়ার করেছিলেন প্রিয়ন্তী। এর আগে জার্মানি থেকে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।
নেদারল্যান্ডস থেকেও ভ্রমণের ছবি প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। পাশাপাশি সুইজারল্যান্ডেও ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানকার ছবিতে ভক্ত-অনুসারীদের পাশাপাশি সহকর্মীরাও শুভকামনা জানিয়ে মন্তব্য করেন।
ভ্রমণের প্রতি আগ্রহের কথা আগেও জানিয়েছিলেন প্রিয়ন্তী। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘কালারফুল থাকতে চাই। আমি মানুষ হিসেবে খুব চঞ্চল। কাজ করব আর ঘুরে বেড়াব।’ তখন ঘুরতে যাওয়ার জন্য সময় বের করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। এবার সেই ইচ্ছাই বাস্তবে রূপ দিয়েছেন অভিনেত্রী।
প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক। ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। পরের বছর চরকির অ্যানথোলজি সিনেমা ‘এই মুহূর্ত’-এর ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করেন।
এরপর ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’ ও ‘কালপুরুষ’-এর মতো আলোচিত ওয়েব সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন প্রিয়ন্তী। নাটকেও নিয়মিত কাজ করেছেন। ‘বুক পকেটের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসাও পেয়েছেন তিনি।
