নবপ্রকাশ ডেস্কঃ
ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হয়েছে। তবে
প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।
আন্দোলনকারীরা বলছেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে তারা আশাবাদী হলেও প্রশ্নফাঁসের ঘটনার কেন্দ্রীয় তদন্ত এবং অন্যান্য দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা।
গত ২৫ জুলাই শুরু হওয়া আন্দোলন বৃহস্পতিবার ১৩তম দিনে গড়িয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশন করছেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্র নাথ মাহাতো। তিনি ২ আগস্ট থেকে অনশন শুরু করেছেন। দীর্ঘ অনশনের কারণে তার রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক ফোনে দেবেন্দ্র নাথ মাহাতোর সঙ্গে কথা বলে অন্তত পানি পান করার অনুরোধ জানান। পরে মাহাতো সেই অনুরোধে সাড়া দেন। উল্লেখ্য, সোনম ওয়াংচুক নিজেও দিল্লির যন্তর মন্তরে ২৬ দিন অনশন কর্মসূচি পালন করেছিলেন।
জেপিএসসি-জেএসএসসি সংস্কার মঞ্চের মুখপাত্র জীবন কুমার জানান, আন্দোলনকে আরও শক্তিশালী করতে এবং দাবি আদায়ে চাপ বাড়াতে দুই নারীসহ আরও পাঁচজন আন্দোলনকারী অনশনে যোগ দিয়েছেন।
শিক্ষার্থীদের প্রধান দাবি হলো ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল করা। পাশাপাশি প্রশ্নফাঁস ও নিয়োগ কেলেঙ্কারির কেন্দ্রীয় তদন্ত, পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক সংস্কার এবং পরীক্ষা বাতিল হলে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবিও জানিয়েছেন তারা।
