নবপ্রকাশ ডেস্ক:
রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন মার্কেটিং কনসালট্যান্ট ছিলেন।
আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কের পাশে লেকপাড়ে তাঁর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে পরিচয় না জানা গেলেও পরে লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের সহায়তায় তাঁর তথ্য মেলে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। নিহত জাভেদ আহম্মেদ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বাসিন্দা ছিলেন।
নিহতের স্ত্রী শাহানা জাবিন খান জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং এতে গভীর আর্থিক সংকটে ভুগছিলেন। তবে তিনি কখন ধানমন্ডি লেকে গিয়েছিলেন কিংবা মৃত্যুর রহস্য কী, তা পরিবার বা পুলিশের কাছে এখনো স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
