নবপ্রকাশ ডেস্ক
দেশের বিভিন্ন অঞ্চলের হাফেজে কোরআনদের নিয়ে হিফযুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় কোরআন প্রতিযোগিতা। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনের বিভিন্ন পর্বে প্রায় ১০ হাজার হাফেজে কোরআন অংশ নেওয়ার কথা রয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার জামিয়াতুল মানহালে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, শিশু-কিশোর ও তরুণদের কোরআন হিফজে আগ্রহী করে তোলা এবং কোরআন-সুন্নাহর শিক্ষার আলোকে নৈতিক ও আদর্শ প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগীদের বয়স ও যোগ্যতা অনুযায়ী ৫, ১০ ও ৩০ পারা হিফজ, তিলাওয়াত এবং তাজবিদ—বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে উপজেলা ও জেলা পর্যায়ে বাছাই হবে। এরপর নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফযুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি হুমায়ুন সাঈদ। তিনি বলেন, গতবারের তুলনায় এবার প্রতিযোগীর সংখ্যা বেড়েছে। অংশগ্রহণকারীদের সুবিধার্থে ঢাকাকে আটটি জোনে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও বিকেএমইএর পরিচালক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি জানান, পাঁচ বছর আগে কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে এই আয়োজন শুরু হলেও বর্তমানে তা বড় পরিসরে বিস্তৃত হয়েছে।
ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ কামরুজ্জামান জানান, তাদের কার্যক্রম শুধু কোরআন প্রতিযোগিতায় সীমাবদ্ধ রাখতে চান না। আলেম, হাফেজসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের।
অনুষ্ঠানে পিয়াঙ্কা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালীউল্লাহ, হেজাজ সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন উত্তরা জামিয়াতুল মানহালের মহাপরিচালক মুফতি কাফায়েতুল্লাহ আযহারী।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের ক্রেস্ট, নগদ অর্থ এবং পরবর্তী ধাপে অংশগ্রহণের জন্য ‘ইয়েস কার্ড’ দেওয়া হয়। পরে মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শেষ হয়।
