ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » জানমালের নিরাপত্তায় সাজেকে সড়ক অবরোধ

জানমালের নিরাপত্তায় সাজেকে সড়ক অবরোধ

নবপ্রকাশ ডেস্ক:

স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে রোববার (১১ অক্টোবর ২০২৬) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর যৌথ আহ্বানে এই কর্মসূচি পালিত হচ্ছে।

পূর্বে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সময়সীমা পার হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সংগঠন দুটি এই ধর্মঘটের ঘোষণা দেয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে পিকেটিং করছেন আন্দোলনকারীরা। এর ফলে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালা ও খাগড়াছড়িমুখী সব ধরণের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অবরোধ পালনকালে এখন পর্যন্ত কোনো বড় ধরণের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে অবস্থানরত শত শত পর্যটক আটকা পড়েছেন এবং খাগড়াছড়ি থেকে নতুন পর্যটকদের সাজেক গমনাগমন ব্যাহত হচ্ছে।

অবরোধের বিষয়ে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) একটি সশস্ত্র দল দীর্ঘ দিন ধরে সাজেক এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সাধারণ মানুষকে নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। ওই সশস্ত্র দলের সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় বিবৃতিতে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, “জেএসএস নামধারী সন্ত্রাসীদের অব্যাহত উৎপাতে অতিষ্ঠ হয়েই আমরা সর্বাত্মক অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সরকার তাদের বিরুদ্ধে দৃশ্যমান ও আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”

পরিস্থিতির কথা উল্লেখ করে সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা ও লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, অবরোধের কারণে সকালে সাধারণ যান চলাচল বন্ধ থাকলেও সেনাবাহিনীর সিকিউরিটি স্কর্টে (নিরাপত্তা প্রহরায়) গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। নির্ধারিত সময়ে শত শত পর্যটকবাহী যান নিরাপত্তা প্রহরায় খাগড়াছড়ির উদ্দেশে সাজেক ছাড়বে এবং বিপরীতমুখী গাড়িগুলো সাজেকে প্রবেশ করানো হবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, অবরোধের কারণে সাধারণ সড়কে যানবাহন চলাচল আপাতত বন্ধ থাকলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে