নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামান (৭৩)-কে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বুধবার (৫ আগস্ট) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, আখতারুজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার সম্পৃক্ততার বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
