জীবনযাপন ডেস্ক
ভাত কিংবা ডালের সঙ্গে লেবু খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি লেবু থেকে ভিটামিন সি পাওয়ার আশাতেও অনেকে প্রতিদিন পাতে লেবু রাখেন। তবে ধোঁয়া ওঠা গরম খাবারে লেবুর রস মেশালে এর পুষ্টিগুণ কতটা অটুট থাকে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
পুষ্টিবিদদের মতে, ভিটামিন সি তাপের প্রতি সংবেদনশীল। অতিরিক্ত তাপের সংস্পর্শে এলে এই ভিটামিনের একটি বড় অংশ নষ্ট হতে পারে। ফলে খুব গরম ভাত বা ডালে লেবুর রস মেশালে স্বাদ ও গন্ধ ঠিক থাকলেও লেবু থেকে প্রত্যাশিত পরিমাণ ভিটামিন সি নাও পাওয়া যেতে পারে।
তাই খাবার পরিবেশনের পর কিছুটা ঠান্ডা হলে তাতে লেবুর রস মেশানো ভালো। এতে লেবুর পুষ্টিগুণ ধরে রাখার সম্ভাবনা বাড়ে।
অনেকে আবার ডাল রান্নার সময়ই হাঁড়িতে লেবুর রস দিয়ে দেন। এভাবে লেবু ব্যবহার না করাই ভালো। দীর্ঘ সময় তাপের মধ্যে থাকলে ভিটামিন সি নষ্ট হওয়ার পাশাপাশি ডালের স্বাদেও পরিবর্তন আসতে পারে।
লেবুর পুষ্টিগুণ পেতে ডাল-ভাতের সঙ্গে সালাদেও এটি ব্যবহার করা যায়। শসা, টমেটো, পেঁয়াজসহ বিভিন্ন কাঁচা সবজির ওপর লেবুর রস ছড়িয়ে খেলে খাবারে ভিটামিন সি যোগ করা সহজ হয়।
অর্থাৎ ডাল-ভাতের সঙ্গে লেবু খাওয়ার অভ্যাস উপকারী হতে পারে, তবে লেবু কখন মেশানো হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। ধোঁয়া ওঠা গরম খাবারের বদলে কিছুটা ঠান্ডা খাবারে লেবুর রস মেশানোই বেশি কার্যকর।
