ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » এক অধ্যায়ের সমাপ্তি: ইতিহাস গড়েও কেপ ভার্দে কোচের বিদায়

এক অধ্যায়ের সমাপ্তি: ইতিহাস গড়েও কেপ ভার্দে কোচের বিদায়

বিশ্বকাপে রূপকথার অভিযান শেষে কেপ ভার্দে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পেদ্রো লেইতাও ব্রিতো। যিনি ফুটবল বিশ্বে ‘বুবিস্তা’ নামেই বেশি পরিচিত। জাতীয় দলকে বিদায় জানিয়ে মরক্কোর ক্লাব আরএস বার্কানের দায়িত্ব নিয়েছেন ৫৬ বছর বয়সী এই কোচ।মরক্কোর ক্লাব আরএস বার্কান নিশ্চিত করেছে, তারা বুবিস্তার সঙ্গে ২ বছরের চুক্তি সম্পন্ন করেছে। বার্কানের সাবেক কোচ মঈন শাবানি তিউনিসিয়া জাতীয় দলের দায়িত্ব নেওয়ায় তাঁর স্থলাভিষিক্ত করা হলো বুবিস্তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বুবিস্তাকে ধন্যবাদ জানিয়ে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন লিখেছে, ‘জাতীয় দলের প্রতি বুবিস্তার নিষ্ঠা, পেশাদারিত্ব এবং অনবদ্য অবদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’

কেপ ভার্দেকে নিয়ে বুবিস্তার বিশ্বকাপ যাত্রাটি ছিল এক ঐতিহাসিক ঘটনা। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশটি। ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার দুর্দান্ত নৈপুণ্যে প্রথম ম্যাচেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ০-০ ড্র করে চমকে দেয় তারা। এরপর উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে ড্র করে ‘জি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে বিশ্বকাপের শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে।

নকআউট পর্বে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত অবিশ্বাস্য লড়াই চালায় কেপ ভার্দে। অতিরিক্ত সময়ে গড়ানো শ্বাসরুদ্ধকর ম্যাচটি ৩-২ ব্যবধানে আর্জেন্টিনা জিতলেও, ম্যাচে সিডনি লোপেস কাব্রালের দুর্দান্ত গোলটি বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়।

জাতীয় দল ছাড়ার পর এবার ক্লাব ফুটবলে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন বুবিস্তা। মরক্কোর শীর্ষ ক্লাব আরএস বার্কান ২০২৫ সালে সিএএফ কনফেডারেশন কাপের শিরোপা জিতেছিল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে