ঢাকা
ঢাকা, সোমবার, ০১ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০১ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষই গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। এতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরা’র।

 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের গোরুক ও কেশম দ্বীপে ড্রোন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট রাডার এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

 

সেন্টকমের দাবি, ইরানের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ড্রোনে হামলা করা হয়। এসব ড্রোন আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজের জন্য হুমকি তৈরি করছিল। হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলেও জানানো হয়েছে।

 

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে ঘাঁটিটির অবস্থান প্রকাশ করা হয়নি।

আইআরজিসির দাবি, উপসাগরের সিররি দ্বীপে তাদের যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ আঘাত হানা হয়। ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ আবার নিলে তাদের প্রতিক্রিয়া হবে ‘সম্পূর্ণ ভিন্ন’।

 

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। তবে হামলার উৎস সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও স্থায়ী কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী চুক্তির কাছাকাছি রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে