ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইউপি ভোটের সূচি ঘিরে ইসি-সরকারের ভিন্ন সুর

ইউপি ভোটের সূচি ঘিরে ইসি-সরকারের ভিন্ন সুর

নবপ্রকাশ ডেস্ক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচি প্রকাশের পর নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। ইসি সাত ধাপে ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা জানালেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে সরকারের সঙ্গে আগে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

সোমবার ইসি ইউপি নির্বাচন সাত ধাপে আয়োজনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর এবং পরবর্তী ধাপগুলো ১৩ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর, ১৭ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২২ এপ্রিল ও ২৭ মে আয়োজনের কথা বলা হয়। তবে কমিশন স্পষ্ট করেছে, এটি চূড়ান্ত তফসিল নয়।

এর পরদিন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গণমাধ্যমের মাধ্যমে ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা জানতে পেরেছে সরকার। তাঁর দাবি, এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে ইসির কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বা আলোচনা হয়নি।

অন্যদিকে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, প্রকাশিত সময়সূচি পুরোপুরি প্রাথমিক। স্থানীয় সরকার নির্বাচন হবে—এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে ভোটের সময়, পদ্ধতি ও ধাপ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। আগামী ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরাসরি পাল্টা মন্তব্য না করে ইসি সচিব বলেন, তাঁর বক্তব্যই শিরোধার্য। একই সঙ্গে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনের অভ্যন্তরে প্রাথমিক আলোচনা হয়েছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সঙ্গে ইসির সমন্বয়ের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। তবে ইসি জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকের পরই ভোটের সময়সূচি সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যাবে।

ফলে ইউপি নির্বাচনকে ঘিরে প্রকাশিত সাত ধাপের সূচি আপাতত সম্ভাব্য পরিকল্পনা হিসেবেই থাকছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর নির্ধারিত হবে ভোটের চূড়ান্ত সময়সূচি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে