নবপ্রকাশ ডেস্ক:
নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই জাতীয় সঞ্চয়পত্রের নিট বিক্রিতে বড় ধরনের অর্থনৈতিক সাফল্য দেখা দিয়েছে। জুলাই মাসে আগের সঞ্চয়পত্রের আসল ও মুনাফা পরিশোধের পরও সরকারের হাতে নিট এসেছে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো ১২ মাসে যেখানে সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল মাত্র ৪৩৬ কোটি টাকা, সেখানে নতুন অর্থবছরের প্রথম এক মাসেই তার প্রায় পাঁচগুণ নিট বিক্রি হয়েছে। অথচ গত জুন মাসেও সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল ঋণাত্মক ৩৬৮ কোটি ৯৯ লাখ টাকা।
খাতসংশ্লিষ্টরা জানান, ব্যাংকিং খাতের কিছু ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার সংকট এবং পুঁজিবাজারে মন্দা ভাব থাকায় তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে সাধারণ মানুষ আবার সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন। তাছাড়া চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার (১১.৮২ থেকে ১১.৯৮ শতাংশ) অপরিবর্তিত রাখার সিদ্ধান্তও এতে বড় ভূমিকা রেখেছে।
প্রতিবেদনে জানা যায়, জুলাই শেষে সঞ্চয়পত্রের বিপরীতে সরকারের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৬১ কোটি ৮২ লাখ টাকা। বিগত দুটি অর্থবছর (২০২৪-২৫ ও ২০২৩-২৪) ধরে নিট বিক্রি ঋণাত্মক থাকলেও চলতি অর্থবছরে নির্ধারিত ৮ হাজার ৫০০ কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
