ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সুন্দরবন রক্ষায় গুলিশাখালী রাফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সুন্দরবন রক্ষায় গুলিশাখালী রাফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট(মোড়েলগঞ্জ) প্রতিনিধি: সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করতে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী রাফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ওয়াইল্ডটিম (WildTeam) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত বক্তৃতা, পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ভিডিও প্রদর্শনী এবং বর্জ্য বিষয়ক জরিপ পরিচালনা করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা এবং সুন্দরবনসহ স্থানীয় পরিবেশ সংরক্ষণে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা হয়।
কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করেন। একই সঙ্গে বর্জ্যের ধরন, পরিমাণ ও ব্যবস্থাপনা নিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে বিদ্যালয় ও আশপাশের এলাকার বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান চিত্র সম্পর্কে ধারণা নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলিশাখালী রাফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাকিম। এছাড়া ওয়াইল্ডটিমের সদস্য সাদিয়া আফরোজ, মো. সাব্বির হোসেন সম্পদ, বাদশা গাজী, আর্থস্কাউট সদস্য এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ নয়; এটি দেশের জীববৈচিত্র্য, উপকূলীয় পরিবেশ এবং লাখো মানুষের জীবন-জীবিকার অন্যতম ভিত্তি। নির্বিচারে প্লাস্টিক ও পলিথিন ফেলার কারণে সুন্দরবনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই দূষণের প্রভাব শেষ পর্যন্ত মানুষের শরীরেও ফিরে আসছে। তারা বলেন, “সুন্দরবন রক্ষা না করলে একসময় অক্সিজেন কিনেও পাওয়া যাবে না।”
তারা আরও বলেন, সুন্দরবনকে সুরক্ষিত রাখতে হলে এর আশপাশের জনগোষ্ঠী, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। বিদ্যালয়ভিত্তিক এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে এবং তাদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা ও সংরক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত হবে। সচেতন একটি প্রজন্মই আগামী দিনে সুন্দরবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে একটি স্পষ্ট বার্তা তুলে ধরা হয়—“পরিচ্ছন্ন পরিবেশ, সুরক্ষিত সুন্দরবন।” একই সঙ্গে সুন্দরবন রক্ষায় স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষাপ্রতিষ্ঠান, বন বিভাগ, তরুণ স্বেচ্ছাসেবী এবং উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ওয়াইল্ডটিমের এ উদ্যোগ সুন্দরবন সংলগ্ন এলাকার তরুণদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে