অর্থনীতি ডেস্ক
সিটিজেনস ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। ‘শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী’ স্লোগানকে সামনে রেখে চালু হওয়া এ সেবার নাম দেওয়া হয়েছে ‘সিটিজেনস ইসলামিক’।
ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সেবার আওতায় শরিয়াহ নীতিমালা অনুসরণ করে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা দেওয়া হবে। ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয় ও বিনিয়োগ করতে আগ্রহী গ্রাহকেরা এ সেবা থেকে সুবিধা নিতে পারবেন।
এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসায়ী এবং শিল্পপ্রতিষ্ঠানের জন্যও অর্থায়নের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উৎপাদনশীল বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তৈরির পাশাপাশি অংশীদারত্বভিত্তিক অর্থায়ন ব্যবস্থাকে আরও বিস্তৃত করার কথা জানিয়েছে ব্যাংকটি।
সিটিজেনস ব্যাংকের দাবি, ইসলামিক ব্যাংকিং সেবা চালুর ফলে গ্রাহকদের জন্য প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহসম্মত আর্থিক সেবার নতুন একটি বিকল্প তৈরি হলো।
