নিজস্ব প্রতিবেদক: ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর কিংবা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার বা আপত্তিকর পোস্ট করা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরত থাকতে সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বা নেতিবাচক পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য, কটূক্তি এবং অপপ্রচারমূলক পোস্ট করছেন বা সেসব পোস্ট শেয়ার করছেন। এসব কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও উল্লেখ করা হয়। নির্দেশনায় আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলকভাবে প্রযোজ্য।
এ নির্দেশিকা লঙ্ঘন সরকারি চাকরি বিধির সুস্পষ্ট পরিপন্থি এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। এ অবস্থায় যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কটূক্তি, অপপ্রচার বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কেও মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
