ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সহজ হচ্ছে ভারতের ভিসা: উপহাইকমিশনার

সহজ হচ্ছে ভারতের ভিসা: উপহাইকমিশনার

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে। তিনি জানান, ভারতীয় হাইকমিশন বর্তমানে প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান তিনি। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বাণিজ্যিক যোগাযোগ জোরদারের তাগিদ দেন উপহাইকমিশনার।

বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ জোর দিয়ে পবনকুমার বাধে বলেন, প্রক্রিয়াটি দ্রুততর করতে তার দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও সম্পর্ক জোরদারে যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি সম্ভাবনাময় নতুন খাতগুলোতে বাণিজ্য বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের যৌথভাবে কাজের আহ্বান জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে