স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের সামনে ছিল শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সুযোগ। তবে সেটি কাজে লাগাতে পারল না তারা। সাহিবজাদা ফারহানের হ্যাটট্রিক ফিফটির জবাবে কুশল মেন্ডিসের ঝড়ো ইনিংসে শেষ ম্যাচটি জিতে নিল শ্রীলঙ্কা।
রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় শ্রীলঙ্কা। মঙ্গলবার রাতের ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান করে স্বাগতিকরা। জবাবে ১৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় মেন্ডিসের দল।
তবে আগেই সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে রেখেছিল পাকিস্তান। তাই শেষ ম্যাচ হারলেও ট্রফি নিয়ে উদযাপন করতে পেরেছে তারাই।
শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় স্বাগতিকরা। একপ্রান্ত ধরে রেখে দলকে এগিয়ে নেন অধিনায়ক সাহিবজাদা ফারহান। তবে অন্যপ্রান্তে সঙ্গীর অভাবে ভুগছিলেন তিনি।
১০২ রানে ৬ উইকেট পড়ার সঙ্গে ফারহানকে সঙ্গ দেন আরাফাত মিনহাস। দুজন মিলে গড়ে তোলেন ৩৭ বলে ৬৬ রানের জুটি। যার সৌজন্যে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান।
চলতি সিরিজের টানা তৃতীয় ও সব মিলিয়ে ক্যারিয়ারের ১৩তম ফিফটিতে ৪৭ বলে ৭৬ রান করেন ফারহান। ৭ চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তিনি। মিনহাসের ব্যাট থেকে আসে ২০ বলে ৩৪ রান।
শ্রীলঙ্কার পক্ষে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট নেন দাসুন শানাকা।
পরে রান তাড়ায় শুরুতেই লাহিরু উদারার উইকেট হারায় শ্রীলঙ্কা। আরেক ওপেনার সিনেথ জয়াবর্ধনে অবশ্য ছিলেন দারুণ ছন্দে। অষ্টম ওভারে আউট হওয়ার আগে ৫ চার ও ২ ছক্কায় ২৬ বলে তিনি খেলেন ৩৮ রানের ইনিংস।
অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে এরপর দলের জয় নিশ্চিত করেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। মাত্র ৫৫ বলে তারা যোগ করেন ৯৮ রান।
৯ চার ও ৪ ছক্কায় ৪৮ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কুশল মেন্ডিস। কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে আসে ৪ চারে ২৭ বলে ৪০ রান।
