ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাংলাদেশ-কোরিয়া ঐতিহাসিক সিইপিএ চুক্তি: ৯৭% পণ্যে মিলবে শুল্ক সুবিধা

বাংলাদেশ-কোরিয়া ঐতিহাসিক সিইপিএ চুক্তি: ৯৭% পণ্যে মিলবে শুল্ক সুবিধা

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল আলোচিত ‘সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (সিইপিএ) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশের বাজারেও কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য একই ধরনের সুবিধার আওতায় আসবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে চুক্তি স্বাক্ষর শেষে ‘সিইপিএ নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশের সাথে এই প্রথম মুক্ত বাণিজ্যধর্মী চুক্তি সম্পন্ন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও বৈশ্বিক বাজারের সাথে সংযোগ স্থাপনে এটি একটি বড় মাইলফলক।

তিনি আরও জানান, সিইপিএ কার্যকর হলে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্যসহ বাংলাদেশের প্রধান রপ্তানি খাতগুলো দক্ষিণ কোরিয়ার বাজারে বিশেষ সুবিধা পাবে। একই সাথে কোরিয়া থেকে কৃষিপণ্য, প্লাস্টিক ও বিভিন্ন খুচরা যন্ত্রাংশ আমদানিতেও শুল্ক ছাড় পাবে বাংলাদেশ।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া প্রায় দুই ট্রিলিয়ন ডলারের এক শক্তিশালী অর্থনীতি। এমন একটি বাণিজ্য অংশীদারত্ব বাংলাদেশের ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হওয়ার লক্ষ্যকে গতিশীল করবে। এই লক্ষ্য পূরণে বার্ষিক ৮ শতাংশ প্রবৃদ্ধি ও প্রচুর বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন, যা এই সিইপিএ চুক্তির মাধ্যমে আরও সুগম হবে।

সংবাদ ব্রিফিংয়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বলেন, “বাংলাদেশ ও কোরিয়ার ৫৬ বছরের অর্থনৈতিক সম্পর্ক টেক্সটাইল খাত দিয়ে শুরু হলেও আজ তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক বাজারে পণ্যের বহুমুখীকরণের সাথে তাল মেলাতে দুই দেশকেই আমদানি-রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নতুন সরকারের অধীনে দেশের অর্থনীতি আরও বেগবান হবে এবং প্রযুক্তি, সরবরাহ ব্যবস্থা (Supply Chain) ও শিল্প সহযোগিতায় কোরিয়া পাশে থাকবে। একই সাথে সিইপিএ কার্যকর হলে বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে