ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলিদের হাতে আটক মার্কিন আইনপ্রণেতা, অতঃপর…

ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলিদের হাতে আটক মার্কিন আইনপ্রণেতা, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে সফরে গিয়ে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে আটক হওয়ার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা রো খান্না। রাইফেলধারী কয়েকজন বসতি স্থাপনকারী তাকে ও তার সফরসঙ্গীদের এক ঘণ্টার বেশি সময় আটকে রাখে বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন রো খান্না। এ ঘটনায় তিনি ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধেও বসতি স্থাপনকারীদের সহযোগিতা করার অভিযোগ তুলেছেন। খবর আল জাজিরার।

রো খান্না তার পোস্টে লিখেছেন, “ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর বসতি স্থাপনকারীদের পক্ষ নেয় এবং আমাদের আটকে রাখে।” ঘটনার বিস্তারিত শিগগির প্রকাশ করবেন বলেও জানান তিনি।

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত রো খান্না বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ‘বড় ভুল’ করেছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খান্না জানান, গত বুধবার (৮ জুলাই) তার দলকে ‘মেশিনগানধারী গুন্ডারা’ আটকে রেখেছিল। তারা রাস্তা বন্ধ করে দেয় এবং পরে ইসরায়েলি সেনাবাহিনীকে ডেকে আনে। তার অভিযোগ, সেনাবাহিনীও তখন তাদের পক্ষ নেয়।

তিনি আরও দাবি করেন, বসতি স্থাপনকারীদের কাছে থাকা অ্যাসল্ট রাইফেলগুলো ছিল যুক্তরাষ্ট্রের তৈরি।

রো খান্নার সহযোগী ক্যামেরন কাস্কি জানান, তাদের এক ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়েছিল। এ সময় তারা জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে কয়েকজন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে তারা মুক্তি পান।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খিরবেত জানুতা নামের একটি ফিলিস্তিনি গ্রামের কাছে বসতি স্থাপনকারীদের যানবাহন চলাচলে বাধা দেওয়ার খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংগঠন এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর বসতি স্থাপনকারীদের হামলার কারণে খিরবেত জানুতা গ্রামের অনেক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে